img

ইরানে ও যুক্তরাষ্ট্র মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।  সেইসঙ্গে এই চুক্তি ইসরাইলের জন্য বাধ্যতামূলক নয় বলেও দাবি করেন তিনি। 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন গাভির এ দাবি করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

চুক্তি ঘোষণার পর এটিই ছিল কোনো ইসরাইলি কর্মকর্তার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

বেন গাভির বলেন, ‘ট্রাম্পের এই চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির পক্ষ নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।’

তিনি বলেন, ‘হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া ছাড়া আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। আমাদের সেনারা যে ভূখণ্ড দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামো থেকে মুক্ত করেছে, সেখান থেকে এক ইঞ্চিও পিছু হটা উচিত নয়।’

তার এই বক্তব্য থেকে স্পষ্ট, তিনি লেবাননে ইসরাইলে সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত, রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।’

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে। 

এই বিভাগের আরও খবর